স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী আনুষ্ঠানিকভাবে তাঁর বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছেন।
গত ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকালে মাদ্রিদের ইউনিভার্সিদাদ কার্লোস তৃতীয় দে মাদ্রিদ (ইউসি৩এম) এর গেতাফে ক্যাম্পাসে প্রথম দিনের ক্লাসে অংশ নেন ২০ বছর বয়সী এই রাজকন্যা। এদিন জিন্স, সাদা শার্ট এবং স্নিকার্স পরিহিত অবস্থায় তিনি ক্যাম্পাসে পৌঁছান এবং সাংবাদিকদের বলেন, তিনি “অনেক উৎসাহ নিয়ে” (con muchas ganas) বিশ্ববিদ্যালয় জীবন শুরু করছেন।
লিওনরের বিষয় রাষ্ট্রবিজ্ঞান (Political Science)। এটি একটি চার বছর মেয়াদি ডিগ্রি। স্পেনের রাজপ্রাসাদ জানিয়েছে, এই ডিগ্রিতে রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি আইন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস, মানবিকবিদ্যা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয় পড়ানো হবে, যা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে তিনি অন্যান্য প্রায় ৩,০০০ নবীন শিক্ষার্থীর মতোই সাধারণ শিক্ষার্থী হিসেবে নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষায় অংশ নেবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁকে সাধারণ শিক্ষার্থীর মতোই বিবেচনা করা হবে।
বিশ্ববিদ্যালয়ে পা রাখার আগে প্রিন্সেস লিওনর স্পেনের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান ও মহাকাশ বাহিনীতে তিন বছরের সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। ২০২৭ সালের জুলাই মাসে তিনি আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন।
রাজপরিবারের সদস্য হলেও ক্যাম্পাসে তাঁর শিক্ষাজীবন অনেকটাই সাধারণ শিক্ষার্থীদের মতোই পরিচালিত হবে। একদিকে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ, অন্যদিকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব- দুই ভূমিকাই একসঙ্গে সামলাতে হবে তাঁকে।
Leave a Reply