লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভায় একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে এবং নিয়মিত ময়লা অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, খোলা ড্রেনের ওপর স্লাব নির্মাণের জন্য একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। তবে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্রাট খীসা বলেন, ‘প্রত্যেক নাগরিক যদি নির্ধারিত স্থানে তাদের বর্জ্য রাখেন, তাহলে পৌরসভা তা সংগ্রহ করে নিয়ে যাবে।’ নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে টিআইবি, সনাকসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সনাক লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সম্মানিত অধ্যাপক মো. রফিকুল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সনাকের সাবেক সভাপতি সম্মানিত অধ্যাপক জেড এম ফারুকী, সনাক সদস্য সম্মানিত শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, ও খোদেজা খাতুন এবং টিআইবির সম্মানিত এরিয়া ম্যানেজার আবদুর রব খান।
সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সনাকের সদস্য এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পৌরসভার উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে টিআইবি ও সনাকের ধারাবাহিক নাগরিক সম্পৃক্ততামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Leave a Reply